প্রায় অর্ধশত হাফেজকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিজ্ঞান ও সৃজনশীল শিক্ষা প্রদর্শনী; দেশি-বিদেশি ক্বারীদের তিলাওয়াতে মুখর কলেজ মাঠ

কোম্পানীগঞ্জ -প্রতিনিধি:

শীতের মৃদু রোদ, কুরআনের সুমধুর তিলাওয়াত, নাশিদের সুর আর শিশু-কিশোরদের প্রাণবন্ত পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠ। ধর্মীয় আবহ, ইসলামী সংস্কৃতি, শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীল শিক্ষার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে মারকাযুত তাক্বওয়া মাদরাসার আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ ও প্রজন্ম সম্মেলন-২০২৬।

শনিবার (২৮ নভেম্বর) মাদরাসার ১২ বছরের শিক্ষাযাত্রা উদ্‌যাপন, প্রায় অর্ধশত হাফেজে কুরআনকে সংবর্ধনা এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও সৃজনশীল শিক্ষা প্রদর্শনী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল ৮টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রবেশপথে সাজানো তোরণ, ব্যানার, পেস্টুন ও নান্দনিক আয়োজন আগত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সকাল থেকেই মাঠে অভিভাবক, আলেম-ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সম্মেলনের প্রথম অধিবেশনে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা গজল, ক্বিরাত, নাত, যৌথ নাশিদ ও নাটিকা পরিবেশন করে। পাশাপাশি হজ পালনের বিভিন্ন ধাপ দৃশ্যায়নের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা। তাদের আত্মবিশ্বাসী পরিবেশনা, শৃঙ্খলা ও প্রতিভা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মাঠের বিভিন্ন অংশে স্থাপন করা হয় ইসলামী বইয়ের স্টল, নবী-রাসুলদের জীবনীভিত্তিক প্রদর্শনী, ঐতিহাসিক ও ধর্মীয় বিষয়বস্তুর কৃত্রিম দৃশ্য এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও সৃজনশীল প্রকল্প। দর্শনার্থীরা এসব প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে কুরআন শিক্ষা, নাশিদ, নাটিকা, হজের দৃশ্যায়ন এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্পের সমন্বয় সম্মেলনটিকে ভিন্নমাত্রা দেয়।

আসরের নামাজের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ পরিবেশনা এবং হাফেজে কুরআনদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ছিল মূল আকর্ষণ। বিভিন্ন দেশ থেকে আগত ক্বারীদের তিলাওয়াত এবং দেশীয় নাশিদ শিল্পীদের পরিবেশনায় পুরো মাঠে সৃষ্টি হয় ধর্মীয় আবেগঘন পরিবেশ।

আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে ছিলেন তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদী শাবান, মিশরের শায়েখ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়েখ ক্বারী রামাদান জুমা, ইন্দোনেশিয়ার শায়েখ ক্বারী ইমরানুল কারীম এবং বাংলাদেশের ক্বারী আব্বাস উদ্দিন।

জাতীয় পর্যায়ে সমাদৃত নাশিদ শিল্পীদের মধ্যে পরিবেশনায় অংশ নেন সিলেটের মাওলানা শেখ এনাম, কলরবের আহমাদ আব্দুল্লাহ এবং পটুয়াখালীর ক্বারী মুনইম খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলরবের জনপ্রিয় উপস্থাপক মাওলানা ইলিয়াস হাসান। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মানজিল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ জামাল মাসরুর।

মাদরাসার ১২ বছরের শিক্ষাযাত্রায় প্রায় অর্ধশত শিক্ষার্থীর পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার অর্জনকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় হাফেজে কুরআনদের মাথায় পাগড়ি প্রদান করেন জামিয়া রশিদিয়া ফেনীর নায়েবে মুহতামিম মুফতী ফয়জুল্লাহ কাসেমী। শিক্ষার্থীদের দীর্ঘ অধ্যবসায়, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ আয়োজন উপস্থিত অতিথিদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালেদ হুসাইনের উপস্থিত থাকার কথা থাকলেও বিদেশ সফরে থাকায় তিনি অংশ নিতে পারেননি। প্রধান মেহমান নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলামও ব্যস্ততার কারণে উপস্থিত ছিলেন না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী দাওয়াহ সেন্টার ঢাকার পরিচালক মুফতি শামছুদ্দোহা আশরাফী, আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্বারী মেসবাহউর রহমান, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এবং শিক্ষাবিদ ও গবেষক মাওলানা মুহাম্মাদ মুদ্দাসির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া আরাবিয়া মুছাপুরের মুহতামিম মাওলানা আবু তাহের হাফি।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া রশিদিয়া বসুরহাটের মুহতামিম মাওলানা আব্দুর রহমান, জামিয়া মাদানিয়া ওসমানিয়া বসুরহাটের মুহতামিম মুফতি কামরুল হাসান বিন কাসেম, মুছলেহ উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুছলেহ উদ্দিন, বসুরহাট ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আলী আহমাদ, বসুরহাট দারুল ইহসান মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ, দারুল উলুম সিরাজুল আকবর মাদরাসার পরিচালক মুফতি আইয়ুব আলী, মারকাযুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতি রবিউল ইসলাম, চৌধুরী মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মুফতি আবু ইউসুফ কাসেমীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, মুহতামিম ও ধর্মীয় ব্যক্তিত্ব।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন লিটন ও মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবীর ফয়সাল ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজহারুল হক তৌহিদ ও হুমায়ুন কবীর, নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নাছের ও অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা এম. এ. এস. হারুন ও সাধারণ সম্পাদক মাওলানা শফি উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এইচ. এম. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পেশাজীবী ও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার অ ফ ম আব্দুল হক, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকার সহকারী অধ্যাপক ডাক্তার শাহাদাত হোসেন সাগর, ব্যবসায়ী মাওলানা নাজিম উদ্দিন ও মাওলানা আতাউল্লাহ, বসুরহাট ইসলামিক ফাউন্ডেশন স্কুলের প্রিন্সিপাল মেসবাহ উদ্দিন, নোয়াখালী জজ কোর্টের আইনজীবী মুস্তাফিজুর রহমান বেলাল এবং মুছাপুরের আল মক্কা ট্রেডার্সের স্বত্বাধিকারী আকবর হোসাইন (আশিক)।

দিনব্যাপী এ সম্মেলনে কুরআনের তিলাওয়াত, নাশিদ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ও হাফেজদের সংবর্ধনার মধ্য দিয়ে মাদরাসার ১২ বছরের পথচলার অর্জন তুলে ধরা হয়।

আয়োজকদের এ উদ্যোগ ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নৈতিক মূল্যবোধ ও প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরেছে। কুরআনের সুর, নাশিদের আবেশ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনটি হয়ে ওঠে এক ব্যতিক্রমী আয়োজন।