নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়ক ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব ঘটনা ঘটে।
রোববার (২৯ নভেম্বর) সকালে অগ্নিসংযোগের ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে কয়েকজনকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী পরিচয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে তাদের বলতে শোনা যায়, ‘আমাদের নেতা আবদুল কাদের মির্জার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতার নেতৃত্বে আমরা এ কর্মসূচি সফল করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি। নাশকতা ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।