নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক ৫ নম্বর ওয়ার্ড সহসভাপতি মমিন উদ্দিন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীহাটে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

মমিন উদ্দিন চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ ইয়াসিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে মমিন উদ্দিনের দাবি, বিএনপিতে যোগদানের প্রায় পাঁচ মাস ২৭ দিন আগেই তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ান।

বিএনপিতে যোগদানের কারণ সম্পর্কে মমিন উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিনয়ী আচরণ ও রাজনৈতিক আদর্শ তাঁকে অনুপ্রাণিত করেছে। এসব বিষয় বিবেচনা করেই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চরপার্বতী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব নবী বাবুলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চরপার্বতী ইউনিয়নের একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি একরামুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির আহমেদ ও সাবেক সহসভাপতি ফারুক আলম।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ছাত্রদল সভাপতি নুর মোহাম্মদ মিষ্টার, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারী, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী শিপন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রাহাদসহ স্থানীয় নেতা-কর্মীরা।