নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নুসরাত জাহান (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবারের দাবি, স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আহসান ড্রাইভারের নতুন বাড়ির বাসিন্দা নুসরাত জাহানের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়। তিনি কামরুল হাসানের মেয়ে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবদুল আহাত জানান, ওই তরুণীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন-চার মাস আগে নুসরাতের বিবাহবিচ্ছেদ হয়। এর প্রায় এক মাস পরে তাঁর ১৮ মাস বয়সী সন্তানকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যান বলে জানা গেছে। এরপর থেকে তিনি মানসিক ভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।