নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘরে অভিযান চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. ইব্রাহীম ওরফে জীবন ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি উদ্ধার করা অস্ত্রের উৎস সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।