নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী শিক্ষিকার নাম মোসাম্মৎ মমতাজ বেগম (৪৩)। তিনি উপজেলার ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী মো. মাহফুজ আলম একজন প্রবাসী।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন মমতাজ বেগম। অটোরিকশাটিতে চালক ছাড়াও কয়েকজন যাত্রী ছিলেন। পরে তিনশরিফ এলাকায় পৌঁছালে পেছনের আসনে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা ভয়ভীতি প্রদর্শন করে তাঁর দুই হাতের স্বর্ণের বালা, কানের দুল, আংটি, গলার চেইন ও লকেটসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাঁকে সেবারহাট বাজারের পশ্চিম পাশে একটি ফাঁকা রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ঘটনার পর শিক্ষিকা বিষয়টি তাঁর স্বামী ও নিকটাত্মীয়দের জানান। তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে না পারা এবং পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনকে অভিযুক্ত করে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) পলেন বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।