প্রতিনিধি-সাংবাদিকরা বিপদে পড়লে সম্পাদকদের নীরব থাকার কোনো সুযোগ নেই। বরং সাংবাদিকদের বিপদে সবার আগে সম্পাদকদেরই এগিয়ে আসতে হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার বা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আহমেদ আবু জাফর বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁদের হামলা, মামলা ও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয়। অথচ বিপদের সময় অনেক সাংবাদিককে একা থাকতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, কোনো প্রতিনিধি বিপদে পড়লে অনেক সম্পাদক কিছুদিন নীরব থাকেন। পরে ওই স্থানে নতুন প্রতিনিধি নিয়োগ দেন। এ ধরনের মানসিকতা থেকে সম্পাদকদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের বিপদে তাঁদের পাশে দাঁড়ানো সম্পাদকের নৈতিক ও পেশাগত দায়িত্ব।
সম্পাদকের দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, সম্পাদক মানেই শুধু সংবাদ প্রকাশ করা নয়; একজন সম্পাদক তাঁর প্রতিষ্ঠানের সাংবাদিকদের অভিভাবকও। কোনো কর্মী বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো, আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা এবং সাংবাদিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার উদ্যোগ সম্পাদককেই নিতে হবে।
তিনি বলেন, ঐক্য ছাড়া মফস্বলের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সাংবাদিকদের যেকোনো বিপদে সম্পাদকদের সবার আগে এগিয়ে আসা এখন সময়ের দাবি। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ও মির্জা আরাফাত আব্বাস।
নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।