নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ ছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবলের সংকট নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।