নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মাইজদীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নোয়াখালীতে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দল।

এ উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানানো এবং দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপি নেতা শাহ জাফর উল্লাহ রাসেল ও আবু হানিফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং জহিরুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতারা।

সমাবেশে জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ অব্যাহত রাখবেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নোয়াখালী জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।