মাগরিবের নামাজ আদায় করে প্রতিদিনের মতো বাড়ি ফেরার কথা ছিল দলিল লেখক মাইন উদ্দিনের (৩৬)। কিন্তু সেই ফেরা আর হলো না। বাড়িতে ফিরল তাঁর নিথর দেহ। সড়ক দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার  সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন কবিরহাট উপজেলার একজন দলিল লেখক। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের কাদের স্বর্ণকার বাড়ির আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

মাইন উদ্দিনের বন্ধু, প্রতিবেশী ও কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত ঢাকা কম্পিউটারের মালিক এএসএম নুর হোসাইন মিল্লাত জানান, “আমরা একসঙ্গে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রি অফিসসংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষে আমি আমার অফিসে আসি। আর মাইন উদ্দিন বাড়ি ফেরার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে ওঠার পরপরই একটি পাওয়ার ট্রলি (ট্রাক্টর) এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।”

তিনি আরও জানান, সংঘর্ষে মাইন উদ্দিন গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টরের কারণে এ সড়কে চলতি বছর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত অবৈধ ট্রাক্টরের চলাচল বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাড়িতেও পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।