নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় ব্যাংকের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়।

প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।