চট্টগ্রামের হালিশহর থানায় পিতার দায়ের করা প্রতারণাসহ একাধিক অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেও মুক্তি পাননি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী এইচ এ নাছিম শাহ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশের অনুলিপি সূত্রে জানা যায়, মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭-এ বিচারাধীন। সিআর মামলা নং-১৭২/২৬ (হালিশহর)। মামলার বাদী মো. শাহ সোলায়মান এবং আসামি তার ছেলে এইচ এ নাছিম শাহ।
মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮৬, ৩৮৭, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে মামলার ধার্য তারিখ না থাকলেও আসামি এইচ এ নাছিম শাহ তার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। এ সময় বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে।
পরে উভয় পক্ষের শুনানি গ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত পিতা কর্তৃক পুত্রের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৩৮৬, ৩৮৭সহ অন্যান্য ধারায় সুনির্দিষ্ট অভিযোগ থাকার বিষয়টি উল্লেখ করেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, এর আগে একই মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এ-সংক্রান্ত আদালতের সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে মামলার অভিযোগগুলো আদালতে এখনো বিচারাধীন। অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।