নোয়াখালীর সেনবাগে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) যৌথ অভিযানে সেনবাগ থানাধীন গাজীর হাট বাজার এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের মীর হোসেন মিলনের ছেলে হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মইশাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাইজুল ইসলাম (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সেনবাগ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।