নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় যুবলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের সামনের একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলকারীদের হাতে ‘আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ’ লেখা একটি ব্যানার ছিল। ওই ব্যানারে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম উল্লেখ ছিল।
মিছিলটি নিয়ে অংশগ্রহণকারীরা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে যান। সেখানে অফিসের সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময়ে অফিসটির বাইরের জানালার গ্লাসও ভাঙচুর করা হয়। এতে দরজার কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, “খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।