আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালী শহরে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহড়ায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল,
‘আপা, আফা করিস না, তোদের আপা আসবে না’,
‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’।
মোটরসাইকেল মহড়া শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কর্মসূচির নেতৃত্বে থাকা আব্দুল মতিন।
বক্তব্যে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবেন না। বিভিন্ন পর্যায়ে মার্কেট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।
আব্দুল মতিন আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঘটলে পুরো নোয়াখালীতে আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, অতীতে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই নৈরাজ্য।’ আগামী পাঁচ বছর তারেক রহমানের নেতৃত্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বলেও জানান আব্দুল মতিন।
বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন তিনি।