নোয়াখালীর সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তার মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ সময় মাকেও মারধর করেন তিনি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে সেনবাগ থানা পুলিশ সোমবার সন্ধ্যায় সাইফুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।