সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সেগুলো অপসারণের নির্দেশ দেন আদালত। পরে ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আগের আদেশ সংশোধনের আবেদন করা হয়। তবে আদালত অবৈধ ইটভাটা বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা বহাল রাখেন। এরপর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
একপর্যায়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাগুলোকে আদালতের নির্দেশনার আওতার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদনটি সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা বহাল রাখেন।
ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরবর্তী সময়ে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।
এদিকে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে আবেদন করে। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। একই সঙ্গে দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।