নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় সরকারি সড়ক দখল করে ভবন নির্মাণসামগ্রী রাখা, পরিত্যক্ত যানবাহন ও মালামাল ফেলে রাখা এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি আবাসিক এলাকায় একটি ভবন নির্মাণের জন্য ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কের ওপর রাখা হয়েছে। এতে রাস্তার উল্লেখযোগ্য অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন নির্মাণসামগ্রী সড়কে পড়ে থাকায় রাস্তারও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
শুধু কেজি আবাসিক এলাকাই নয়, পৌরসভার বাইপাস সড়কেও সড়কের ওপর পরিত্যক্ত যানবাহন ও বিভিন্ন মালামাল ফেলে রাখার চিত্র দেখা গেছে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
বসুরহাট পৌরসভার প্রধান সড়কের বিভিন্ন অংশেও পাথরকণা, বালু ও নির্মাণসামগ্রী ফেলে রাখার অভিযোগ রয়েছে। এসব কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া মসজিদসংলগ্ন এলাকায় ভবন নির্মাণকাজের কারণে মুসল্লি ও আবাসিক এলাকার বাসিন্দাদের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া বসুরহাট উত্তর বাজারের বুড়ি মসজিদ ও টুইন্না পুকুরসংলগ্ন প্রধান সড়কে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ট্রাক ও বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়কের ওপর এসব যানবাহন ও মালামাল পড়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় জায়গা ছেড়ে না দেওয়া এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করার প্রবণতাও রয়েছে। কোথাও কোথাও খাল দখল করে ভবন, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের ফলে শুধু সড়ক ও যান চলাচলই ব্যাহত হচ্ছে না, বরং পানি নিষ্কাশনব্যবস্থা এবং এলাকার পরিবেশও হুমকির মুখে পড়তে পারে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে প্রভাব থাকলে নিয়মনীতি মানার প্রয়োজন হয় না। আর প্রভাব না থাকলে টাকার মাধ্যমে সবকিছু ম্যানেজ করা যায়। ফলে অনিয়ম করেও অনেকে পার পেয়ে যাচ্ছেন।’ তবে তাঁর এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, সরকারি রাস্তা কি কারও ব্যক্তিগত সম্পত্তি যে ইচ্ছেমতো নির্মাণসামগ্রী, পরিত্যক্ত গাড়ি কিংবা অন্যান্য মালামাল রেখে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? ব্যক্তিমালিকানাধীন ভবন নির্মাণের প্রয়োজনে সরকারি সড়ক দিনের পর দিন ব্যবহার করে জনসাধারণকে দুর্ভোগে ফেলার অধিকার কারও থাকতে পারে না।
তাঁদের মতে, উন্নয়ন ও ভবন নির্মাণ অবশ্যই প্রয়োজন। তবে সেই কাজের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল বন্ধ বা বিঘ্নিত করা কোনোভাবেই কাম্য নয়। নির্মাণকাজ চলাকালে নির্ধারিত নিয়ম মেনে নির্মাণসামগ্রী সংরক্ষণ, সড়ক পরিষ্কার রাখা এবং পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব।
বিশেষ করে বসুরহাট পৌরসভার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় প্রধান সড়ক, আবাসিক সড়ক ও বাইপাস সড়কে এ ধরনের প্রতিবন্ধকতা দীর্ঘদিন চলতে থাকলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবি, সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রী ও পরিত্যক্ত যানবাহন দ্রুত অপসারণ, সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ তদন্ত, ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও বিধিবিধান অনুসরণ হচ্ছে কি না তা যাচাই এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে নিয়মিত তদারকির মাধ্যমে পৌর এলাকার সড়কগুলো সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের প্রশ্ন, জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত সরকারি সড়কে এভাবে দিনের পর দিন প্রতিবন্ধকতা চললেও দেখার কি কেউ নেই?
উন্নয়ন চাই, তবে জনদুর্ভোগ সৃষ্টি করে নয়। সরকারি রাস্তা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করতে বসুরহাট পৌর কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।