নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তার শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহত আদিব ওই বাড়ির মো. সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর বিকেলে মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ আদিবকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হলে পরিচালক দেলোয়ার হোসেন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসাশিক্ষকের মারধরে আদিব অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা রয়েছে। তবে আর্থিক সংকটের কারণে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।
শিক্ষকের মারধর প্রসঙ্গে তিনি বলেন, তার ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। মাদরাসায় পড়ার সময় শিক্ষকেরা তাকে কিছু মারধর করেছেন। তবে শিক্ষকের মারধরের কারণে তার ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন না। এ ঘটনায় তিনি মাদরাসার শিক্ষককে দায়ী করছেন না বলেও জানান।
মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর শিক্ষার্থীর অভিভাবকেরা তাকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পান। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন তিনি। পরে জানতে পারেন, ওই শিক্ষার্থী আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি চিকিৎসার কাগজপত্র দেখতে চাইলেও অভিভাবকেরা তা দেখাননি। এমনকি চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলে দাবি করেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের স্বজনদের বিভিন্ন বক্তব্য সামনে এসেছে। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।