নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘ফুলকুঁড়ি প্রতিভা অন্বেষণ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ফুলকুঁড়ি আসর কোম্পানীগঞ্জ শাখার আয়োজনে এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
শাখা পরিচালক মো. আকবর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক আরিয়ান মাহমুদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুরহাট পাঠাগারের প্রধান উদ্যোক্তা শাহাদাত হোসেন সোহাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও হাজারীহাট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী বাবু, কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, উই ফর ইউ-এর কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম সায়েমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াত, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয়—পাঁচটি বিভাগে শিশু-কিশোররা নিজেদের প্রতিভা তুলে ধরে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহ জোগাবে।