নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৮ নভেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার বটতলায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।
সমাবেশে বক্তব্য দেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।