নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে পাঁচজনকে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক ৩৭ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৩৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানের তথ্যমতে, সুধারাম মডেল থানা এলাকায় সাতজন, কোম্পানীগঞ্জে পাঁচজন, কবিরহাটে চারজন, বেগমগঞ্জে পাঁচজন, সেনবাগে দুজন, সোনাইমুড়ীতে সাতজন, চরজব্বরে তিনজন এবং হাতিয়ায় চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।