‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—
দলীয় সিদ্ধান্তের বিরোধিতা, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা ও রাজনৈতিক পটভূমি বিবেচনায় পদপ্রাপ্তির শর্ত তুলে ধরেন তিনি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে চার দফা শর্ত ও নির্দেশনা তুলে ধরেছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার চরফকিরা ইউনিয়নের ছাপরাশির হাটে আয়োজিত ছাত্রদলের কর্মী সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব শর্ত ও নির্দেশনার কথা জানান।
বক্তব্যে আজিজ আজমীর বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ দলের হাইকমান্ড নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলামকে কর্ণধার হিসেবে ঘোষণা করার পর যারা দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, তারা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পাবেন না।
তিনি আরও বলেন, ইউনিয়ন ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ নেই, এমন কেউ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারবেন না।
বৈবাহিক অবস্থার বিষয়ে তিনি জানান, বিবাহিত ছাত্রনেতারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
এ ছাড়া গত ৫ আগস্টের আগে অন্য রাজনৈতিক দল থেকে ছাত্রদলে যোগ দেওয়া নেতাকর্মীরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের সুযোগ পাবেন না বলে উল্লেখ করেন তিনি।
গত জাতীয় নির্বাচনে চরফকিরা ইউনিয়নে বিএনপির পরাজয়ের প্রসঙ্গ টেনে আজিজ আজমীর বলেন, নির্বাচনে দলটি বিপুল ভোটে পরাজিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রতিটি ওয়ার্ডে এবং ঘরে ঘরে ছাত্রদলের কর্মী তৈরি করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক ঐক্য, দলীয় শৃঙ্খলা ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আজিজ আজমীর।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।