নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বসুরহাট আব্দুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের ৫০৩টি উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
কোম্পানীগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহানেওয়াজ মোর্শেদ অপু এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর আহাম্মেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সামসুল আলম রিপুলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।