নোয়াখালীর সেনবাগে ভোররাতে হিন্দু পরিবারের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহাপুর ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ডাক্তার নারায়ণ চন্দ্র আচার্য্য।

পরিবারের দাবি, প্রথমবার আগুন নিয়ন্ত্রণে আনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আগুনের সূত্রপাত নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত নারায়ণ চন্দ্র আচার্য্য জানান, প্রথমে ঘরের ভেতরে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ১৫ থেকে ২০ মিনিট পর আবারও আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের ফ্রিজ, টেলিভিশন, ওয়ারড্রপ, খাটসহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

সেনবাগ ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন, ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর এক সপ্তাহের মধ্যে পুনর্নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।