নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানোর খবর পাওয়া গেছে। দেয়াল ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা গেলেও কারা এগুলো লাগিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাটইয়া ইউনিয়নের বিভিন্ন দেয়াল ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে এবং বিদ্যুতের খুঁটিতে আওয়ামী লীগের পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলোর ওপরের অংশে শেখ মুজিবুর রহমান, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ছবি রয়েছে।
এর নিচে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বাটইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিনের ছবি রয়েছে। এরপর জহির উদ্দিন রুবেল ও ইমরান হোসেন নামে দুজনের ছবি দেখা যায়। তাঁদের পরিচয় হিসেবে যথাক্রমে ‘৭নং বাটইয়া ইউনিয়ন যুবলীগ’ ও ‘৭নং বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ’ লেখা রয়েছে।
পোস্টারের মাঝখানে লেখা রয়েছে, ‘আসছে ফাগুন, আমরা হবো দিগুণ’, ‘ডিসেম্বর দিচ্ছে ডাক, পাকবাহিনী নিপাত যাক’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এসব পোস্টার কারা লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কবিরহাট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
**প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পোস্টার লাগানোর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।**