নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসুরহাট বাজারের হাই স্কুল সড়কে জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক শওকত হোসেন সগীর এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সেবায় দলটি অতীতেও নিয়োজিত ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তারা দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।