নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া একটি হত্যা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

শুক্রবার সন্ধ্যার পর রামচরণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই তার স্বজন ও একদল লোক পুলিশ সদস্যদের ঘিরে ধরে। এ সময় সৃষ্ট পরিস্থিতির সুযোগে নিজাম উদ্দিন পুলিশের কাছ থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের কর্তব্যে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক নিজাম উদ্দিনকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।