নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোস্তফা মঞ্জিলে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বাসার দরজার তালা অক্ষত থাকলেও ভেতরে আলমারির তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এ সময় আলমারিতে থাকা স্বর্ণালংকার ও প্লাস্টিকের ব্যাংকে জমানো প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন ভাড়াটিয়া পরিবার।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মো. আতা উল্যাহ হেলাল মুছাপুর চরদরবেশ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রবাসে থাকেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোস্তফা মঞ্জিলের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী মিসেস হেলাল জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি বেড়াতে বাবার বাড়িতে যান। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে দেখেন, বাসার দরজার তালা অক্ষত রয়েছে। তবে দরজার হ্যাসবোল্ট খোলা ছিল এবং ভেতরে আলমারির তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে আলমারি পরীক্ষা করে সেখানে রাখা স্বর্ণালংকার ও প্লাস্টিকের ব্যাংকে জমানো প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খুঁজে পাননি তিনি।

বাসার দরজার তালা অক্ষত থাকা সত্ত্বেও কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং
চুরির রহস্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।