নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। পরে প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সুধারাম মডেল থানা এলাকা থেকে ১৬ জন, কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ১১ জন, কবিরহাট থানা এলাকা থেকে ২ জন, বেগমগঞ্জ মডেল থানা এলাকা থেকে ৩ জন, চাটখিল থানা এলাকা থেকে ৪ জন, চরজব্বর থানা এলাকা থেকে ২ জন এবং হাতিয়া থানা এলাকা থেকে ২ জন রয়েছেন।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।