নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো. হানিফ ওরফে সুমন (৪০) নামে এক মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের আলাবক্স বেপারী বাড়িতে এ ঘটনা জানাজানি হয়।

নিহত সুমন ওই এলাকার আলাবক্স বেপারী বাড়ির মৃত তফাজ্জল হকের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাট বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে সুমনের দোকান বন্ধ ছিল। বিষয়টি লক্ষ্য করে দোকানের কর্মচারী জাহিদুল হক শাহীন মালিকের খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। সেখানে বসতঘরের ভেতরে সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পারিবারিক মনোমালিন্যের জেরে সুমনের স্ত্রী প্রায় সাত থেকে আট মাস আগে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুমন স্থানীয় বাজারের হোটেলে খাবার খেতেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ী প্রায় দুই দিন আগে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।