ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রতিশোধের রাজনীতি না করে জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

তিনি বলেন, শান্তিপূর্ণ সুবর্ণচরে এখনও ফ্যাসিবাদ কায়েম করা দলের লোকজন প্রকাশ্যে বাজার-ঘাটে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। এর প্রমাণ আশপাশে তাকালেই দেখা যাবে।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন নাছির বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ ও আত্মিক অনুভূতির গুরুত্বপূর্ণ অংশ। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি কিংবা ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা দেশের মানুষ পছন্দ করে না। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। কারণ, রাষ্ট্র সবার।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত জরুরি। বিএনপির সময়ে এর দৃষ্টান্ত দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন। সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সতর্ক রয়েছেন এবং পূজামণ্ডপগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্মের নামে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন কিংবা বিশৃঙ্খলা বিএনপি সরকার বরদাশত করবে না বলেও মন্তব্য করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নাছির উদ্দিন নাছির মণ্ডপের আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ফল পৌঁছে দেন। পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে সুবর্ণচরের ৩২টি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি শহিদ এলাহী, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন আহমেদ, চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম, সাবেক সহসভাপতি আব্দুর রহমান খোকনসহ বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, একই দিনে সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে তালতলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করেন নাছির উদ্দিন নাছির। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।