নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আশার আলো কল্যাণ সংস্থা’।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার আলো কল্যাণ সংস্থার চেয়ারম্যান জসিম উদ্দিন। কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিক উল্লাহ।

এ সময় সংস্থার কোষাধ্যক্ষ প্রফেসর সোহাগ, পরিচালক জাফর ইমাম কমল, আতাউর হোসেন পাবেল, মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত ও আহসান উল্লাহ মানিকসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সহায়তা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। এ ক্ষেত্রে আশার আলো কল্যাণ সংস্থার মতো মানবিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধারাবাহিক সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘মানবধর্মের সেবায়, আশার আলো ছড়িয়ে’ স্লোগানকে সামনে রেখে আশার আলো কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।