নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আফরিয়া সুলতানা প্রীয়া উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তসাপেক্ষ। এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার (১৭ অক্টোবর) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।