সাধারণ মানুষের সমস্যা ও উন্নয়ন নিয়ে সরাসরি কথা বলার সুযোগ তৈরি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ভবনে একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করেছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় সরাসরি জনপ্রতিনিধির কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি করতে এ কক্ষ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ভবনের দোতলায় কক্ষটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, উপজেলা প্রকৌশলী মো. অলিউল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোস্নারা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা নুরুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

উদ্বোধনকালে সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “এটি কোনো রাজনৈতিক কক্ষ নয়।” এ পরিদর্শন কক্ষের মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এ কক্ষ স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাধারণ মানুষের কথা শোনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, পরিদর্শন কক্ষটি কার্যকরভাবে পরিচালিত হলে স্থানীয় জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের যোগাযোগ আরও সহজ হবে এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে।