নোয়াখালীর মাইজদীতে মাদারল্যান্ড হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নোয়াখালী সদর উপজেলার মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালাবদ্ধ করে বাসায় চলে যান।
পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কক্ষে প্রবেশ করে কাগজপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ সময় ড্রয়ারের তালা ভাঙা ছিল। পরে খোঁজ নিয়ে ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া টাকা উদ্ধারে তদন্তের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।