মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো স্পর্শকাতর তথ্য, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা আদান-প্রদান করা দেশটির প্রচলিত আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত ছবি ও ভিডিও ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মোবাইল ফোনে সংরক্ষণ কিংবা অন্য কারও সঙ্গে আদান-প্রদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে ও যেকোনো ধরনের সহায়তার জন্য দূতাবাসের ২৪ ঘণ্টার হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

– শ্রমসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৫
– পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৬
– ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
– মৃত্যু ও জরুরি সহায়তা: +৯৬৬৫৭০২১২১৮০

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিস্থিতি-সম্পর্কিত সর্বশেষ ও হালনাগাদ তথ্য জানতে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করতে হবে।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সতর্কতা অবলম্বন, স্থানীয় আইন মেনে চলা এবং যেকোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।