মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী নূর হোসাইন আজহারী। বিশ্ববিদ্যালয়টির কুরআনিক সায়েন্স অ্যান্ড তাফসির বিভাগে ২০২৬ সালের মাস্টার্স প্রিপারেটরি একাডেমিক ইয়ারে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে শীর্ষস্থান ধরে রেখে উত্তীর্ণ হয়েছেন তিনি। এবার একই বিভাগে এমফিল পর্যায়ে গবেষণার জন্যও মনোনীত হয়েছেন এই শিক্ষার্থী।

নূর হোসাইন আজহারী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুর হাফেজ বাড়ির ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদের ছেলে।

তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত ৭ অক্টোবর মিশরের রাজধানী কায়রোর নাদি আজ জাহির সেমিনার হলে সংবর্ধনার আয়োজন করে ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ (আওসবি)। ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে নূর হোসাইন আজহারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নূর হোসাইনের মতো কৃতী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য বাংলাদেশের দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত তরুণদের উচ্চশিক্ষা ও গবেষণায় অনুপ্রাণিত করবে।

নূর হোসাইন আজহারীর শিক্ষাজীবনের সূচনা হয় শাহাদাতপুর ইসলামিয়া নূরানী মাদ্রাসায়। পরে বসুরহাট মঈনুল উলুম মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন তিনি। এরপর বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন।

কওমি শিক্ষাধারায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। ফেনীর জামিয়া রশিদিয়ায় অধ্যয়নের পর ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে সর্বোচ্চ গ্রেড অর্জন করেন তিনি।

দেশীয় শিক্ষায় অর্জিত জ্ঞানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করতে ২০২১ সালে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নূর হোসাইন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির কুরআনিক সায়েন্স অ্যান্ড তাফসির বিভাগে স্নাতক সম্পন্ন করেন তিনি। স্নাতক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মাস্টার্স প্রিপারেটরি একাডেমিক ইয়ারেও কৃতিত্ব অর্জন করেন।

এবার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে এমফিল পর্যায়ে গবেষণার জন্য মনোনীত হওয়ায় তাঁর উচ্চশিক্ষার পথ আরও প্রসারিত হয়েছে। শিগগিরই তিনি উচ্চতর গবেষণার কাজ শুরু করবেন বলে জানা গেছে।

তাফসিরশাস্ত্র ও ইসলামিক গবেষণায় অবদান রাখার মাধ্যমে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে চান নূর হোসাইন আজহারী। ভবিষ্যতের এই লক্ষ্য অর্জনে তিনি সবার দোয়া কামনা করেছেন।