নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা মানোন্নয়ন ও নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ। বামনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনিছুল হক এমএ-এর সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক ফরিদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী একরামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, নবনির্বাচিত সভাপতি মোমিন বাহার এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আনোয়ার অনিক স্বপন।

সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির সহ-সভাপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ওমর ফারুক মিল্লাত, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউপি সদস্য আবদুল হালিম মিন্টু, বিদ্যোৎসাহী সদস্য ফাহমিদা সুলতানা, মহিলা অভিভাবক সদস্য আরমিনা খাতুন ও তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য আবদুল মালেক, বিজয় কুমার দে, মঈনুল হক, আবদুল আলিম, মো. নুর উদ্দিনসহ অনেকে।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম জোরদারসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

জানা যায়, বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি প্রতিবছর ট্যালেন্টপুল বৃত্তিসহ বিভিন্ন মেধাবৃত্তি অর্জনের মাধ্যমে সুনাম ও কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৩১১ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক নিয়মিত পাঠদান ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।