নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানের সময় ঘরের দরজা ও আলমারি ভাঙার অভিযোগকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আতিকুর রহমান পুলিশকে উদ্দেশ করে লেখেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’ তার ওই পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টে কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ তুলে আতিকুর প্রশ্ন করেন, ‘বদলি কি সব সমস্যার সমাধান?’

পোস্টে তিনি পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তার বাড়িতে অভিযানের সময় হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন। একইসঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের অভিযান

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি মোহাম্মদ নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে আতিকুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়।

অভিযানের সময় তার ঘরের দরজা ও আলমারি ভাঙার অভিযোগ করেন আতিকুর। এ অভিযোগের প্রতিবাদে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করে।

আতিকুর রহমান দাবি করেন, পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলে। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলাগুলোর মধ্যে কয়েকটি থেকে তিনি ২০২৩ ও ২০২৪ সালে খালাস পেয়েছেন। তবে সেসব মামলার নকল সংগ্রহ করা হয়নি। সোমবার মামলাগুলোর নকল নিয়ে তিনি থানায় জমা দিয়েছেন বলেও জানান।

পুলিশের দাবি, অভিযোগটি সাজানো

অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ী ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘরের দরজা ও আলমারি ভাঙার অভিযোগ সত্য নয়। এটি তাদের সাজানো। আতিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্যই নিয়মিত অভিযান চালানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আতিকুর রহমানের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকিসূচক বক্তব্যের বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে।

সুত্র-RTV
https://rtvonline.com/country/408078