নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার চার উপজেলার ৩৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ নোয়াখালীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে এবং বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক মাহবুব রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিদিন সড়কে যেসব দুর্ঘটনা ঘটে, তার উল্লেখযোগ্য অংশ মোটরসাইকেল দুর্ঘটনা। অনেক অভিভাবক অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেন, যা একটি বড় ভুল সিদ্ধান্ত। সড়ক নিরাপদ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে জেলার চার উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত ১৬টি পরিবারের সদস্য এবং আহত ২১টি পরিবারের সদস্যদের হাতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদিত আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এ সময় দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।