নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমানউল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন আমানউল্লাহপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ফলোয়ান বাজারের একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পাশের আইয়ুবপুর গ্রামে একটি দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে আমানউল্লাহপুরের পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত আনোয়ার হোসেন জানান, হামলাকারীদের অধিকাংশই আমানউল্লাহপুর এলাকার বাসিন্দা। তবে তাকে কেন গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।