দেশব্যাপী আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২৬-এ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুটি প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটি হলো কোম্পানীগঞ্জ কালচারাল ইনস্টিটিউট এবং মাকসুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সংশ্লিষ্টরা জানান, কোম্পানীগঞ্জের মাকসুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথমবারের মতো কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষে জাতীয় পুরস্কার গ্রহণ করেন প্রধান শিক্ষক কামরুন নাহার (রোজি) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী আরিবাহ রুবাইয়াত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ।
কোম্পানীগঞ্জের দুটি প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ে এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ অর্জনকে উপজেলার সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।