নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির মালিক নজির আহমেদ (৬০), তার ১৫ বছর বয়সী ছেলে হৃদয়সহ চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খলিশা টোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৩টার দিকে একটি সিএনজিযোগে ৬ থেকে ৭ জনের একটি দল এলাকায় আসে। সিএনজিটি চৌরাস্তা এলাকায় রেখে দলের কয়েকজন নজির আহমেদের বাড়িতে প্রবেশ করে। অন্যরা বাইরে অবস্থান করে পাহারা দিচ্ছিল বলে জানান স্থানীয়রা।
বাড়িতে প্রবেশের পর ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে। একপর্যায়ে নজির আহমেদ ও তার ছেলে হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ডাকাতরা পরিবারের সদস্যদের তিন জোড়া কানের দুল, দুটি আংটি, প্রায় ৫০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় দেলোয়ার তার ছেলেকে সঙ্গে নিয়ে এগিয়ে এলে ডাকাতরা তাদের ওপরও হামলা চালায়। এতে লোহার রডের আঘাতে তারা আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নজির আহমেদ ও তার ছেলে হৃদয়ের চিকিৎসা চলছে।
স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় চর মটুয়া ইউনিয়নের এ এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। অপরাধীরা এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত সরে যাওয়ার সুযোগ পায় বলেও দাবি তাদের।
এদিকে চৌরাস্তা এলাকায় গভীর রাত পর্যন্ত জুয়া ও মাদকের আসর বসার অভিযোগও করেছেন স্থানীয়রা। তারা অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।