নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল এবং বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ ওঠে ওসি আবদুর রহিম সরকারের বিরুদ্ধে।

এ অভিযোগের পর তাকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বলে জানা গেছে।