নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্রীদের অর্থের অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া ঠেকাতে বিনামূল্যে কলেজে ভর্তির আহ্বান জানিয়েছে জৈতুন নাহার কাদের মহিলা কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের অভিভাবক এবং ২০২৬ সালে এসএসসি পাস করা ছাত্রীদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ জানান, যেসব ছাত্রী ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু এখনো এইচএসসিতে ভর্তির জন্য কোনো কলেজে আবেদন করেনি, তাদের জৈতুন নাহার কাদের মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, অর্থের অভাবে কোম্পানীগঞ্জের কোনো দরিদ্র ছাত্রীর পড়ালেখা বন্ধ হোক, তা তারা চান না। তাই আগ্রহী ছাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দরিদ্র ও অসচ্ছল ছাত্রীদের ভর্তি, বই ও সেশন ফিসহ প্রয়োজনীয় শিক্ষা-সংক্রান্ত ব্যয় কলেজ কর্তৃপক্ষ বহন করবে। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় উপবৃত্তি ও মেধাবৃত্তি পাওয়ার সুযোগও রয়েছে।
কলেজের অধ্যক্ষ বলেন, “ছাত্রীরা শুধু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে চলে আসবে। পড়ালেখা চালিয়ে যেতে অর্থের প্রয়োজন হবে না। কোনো দরিদ্র ছাত্রী যেন টাকার অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য।”