নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল আজিম ওরফে সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়ির মাস্টার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সুমন চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। পথে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।