নোয়াখালীর কবিরহাটে গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ট্রান্সফরমারটি খুঁটি থেকে নিচে ফেলে পাশের একটি ডোবায় নিয়ে যায়। পরে সেখান থেকে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান কয়েল ও তামার তার খুলে নিয়ে যায় বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

চুরি যাওয়া ট্রান্সফরমারটির বাজারমূল্য প্রায় ৮৬ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার আবদুল্যাহ মিয়ারহাট কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এক কৃষক জমিতে ধান রোপণ করতে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির দিকে তাকিয়ে ট্রান্সফরমারটি দেখতে পাননি।

বিষয়টি সন্দেহ হলে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভারসহ কিছু অংশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানান।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে চোরচক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিচে ফেলে। এরপর সেটি ডোবায় নিয়ে গিয়ে ভেতরের মূল্যবান কয়েল ও তামার তার খুলে নেয়। পরে ট্রান্সফরমারের অবশিষ্ট অংশ ডোবায় ফেলে রেখে যায় তারা।

আবদুল্যাহ মিয়ারহাট কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, কলেজের পিয়ন হাসান ফোন করে তাকে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানান। পরে তিনি কলেজের সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটনকে বিষয়টি অবহিত করেন। কলেজে নতুন একটি ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কবিরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. জসীম উদ্দিন বলেন, পরদিন সকালে কলেজ কর্তৃপক্ষ ফোন করে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানায়। চোরচক্র ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরের কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে ৩টার মধ্যে চুরির ঘটনা ঘটে।

তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কলেজে নতুন ট্রান্সফরমার দেওয়ার বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্যবান ধাতু ও কয়েলের কারণে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চোরচক্র এসব সরঞ্জাম চুরি করছে। এতে একদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গ্রাহকরা।

স্থানীয়রা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।