নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক জনবাণী পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. শহিদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো সংবাদ কারও কাছে অসঙ্গত মনে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ কিংবা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, সাংবাদিকদের হুমকি, চাপ কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে এবং সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে সাংবাদিক মো. শহিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক সংবাদ প্রকাশের কারণে হুমকি বা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
মানববন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।