নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।
নিহত মো. এরশাদ সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পাশাপাশি মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ ধরতেন। তিনি চার সন্তানের জনক।
নিহতের ভগ্নিপতি মো. নুর উদ্দিন জানান, গত রোববার মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যান এরশাদ। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ একটি মরদেহ ভাসতে দেখেন। পরে মরদেহটি এরশাদের বলে শনাক্ত করা হয়।
নুর উদ্দিন বলেন, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে ঘাটে আসছেন। মরদেহ দেখে শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।